
নবীন বরণ ও সেমিনারে যবিপ্রবির পিটিআর বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আল আমিন, যবিপ্রবি প্রতিনিধিঃ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের অষ্টম বর্ষপূর্তি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী আয়োজনে কেক কাটা, এলামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন ও ফল ঘোষণা, নবীনবরণ, বৈজ্ঞানিক সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এলামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন। এর মধ্য দিয়ে যবিপ্রবির সব বিভাগের মধ্যে প্রথমবারের মতো পিটিআর বিভাগীয় এলামনাই কমিটি গঠিত হয়। নির্বাচনে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেন।
এ ছাড়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। বৈজ্ঞানিক সেমিনারে ফিজিওথেরাপি ও পুনর্বাসন বিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি, স্নায়বিক ও মাংসপেশিজনিত সমস্যার পুনর্বাসন, ক্রীড়াজনিত আঘাত ব্যবস্থাপনা এবং প্রমাণভিত্তিক চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা হয়।
বর্ষপূর্তি উপলক্ষে যশোর ও আশপাশের এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পেরও আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীরা শিক্ষকদের তত্ত্বাবধানে রোগীদের সেবা দেন। সন্ধ্যায় সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যযবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন সভাপতি, সেক্রেটারি উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও ক্লিনিক্যাল সেবার মানোন্নয়নের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।