মাধবপুরে উদ্ধার হলো কাটেঙ্গা বিল, সীমানায় লাল নিশান

মাধবপুরে উদ্ধার হলো কাটেঙ্গা বিল, সীমানায় লাল নিশান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে আন্দিউড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিলের সাড়ে ১১ একর জমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্ভেয়ার বিলের সাড়ে ১১ একর জায়গা পরিমাপ করে সীমানা নির্ধারণ করেন এবং সেখানে লাল নিশান স্থাপন করেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলের অধিকাংশ জায়গা স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দখল করে অবৈধভাবে শ্রেণি পরিবর্তনের মাধ্যমে পুকুর ও ফসলি জমিতে রূপান্তর করেন। এতে বিলটির প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। বিলটি উদ্ধারের দাবিতে স্থানীয় লোকজন বিভিন্ন সময় প্রতিবাদ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন। দীর্ঘদিনের দাবির পর বিলটি উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। পরিবেশকর্মী আবুল মিয়া বলেন, বিল উদ্ধার হওয়ায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই। এখন বিলটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। একসময় শীত মৌসুমে এখানে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন ঘটত। কিন্তু বর্তমানে কোথাও পুকুর খনন, আবার কোথাও মাটি ভরাট করে কৃষিজমি তৈরি করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী শাহেদ মিয়া বলেন, একসময় এ বিলে প্রচুর মাছ পাওয়া যেত। আন্দিউড়া ও শাহজাহানপুর ইউনিয়নের হাজার হাজার মানুষ এখানে মাছ ধরতে আসতেন। সাতছড়ি বন, তেলমাছড়া বন ও রেমা-কালেঙ্গা বন থেকে অসংখ্য পাখি খাবারের সন্ধানে এ বিলে আসত। এ ছাড়া প্রতি বছর পাহাড়ি ঢলের পানির সঙ্গে মাটি ও বালু এসে বিলটি ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে। ফলে বিলের গভীরতা কমে যাওয়ার পাশাপাশি এর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। আমরা চাই, সরকার বিলটি খনন করে আগের প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনুক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, প্রায় ২০ বছর ধরে বিলটির কোনো সংস্কার করা হয়নি। ফলে বিলটি ভরাট হয়ে মাছের অভয়ারণ্য নষ্ট হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। বিল ভরাট হওয়ার সুযোগে অবৈধ দখলও বাড়ছে। এ ছাড়া বিলটি ভরাট হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই শাহজাহানপুর ও আন্দিউড়া ইউনিয়নের ১৫ থেকে ২০টি গ্রামে জলাবদ্ধতা দেখা দেয়। পাহাড়ি ঢলের পানিতে ফসল তলিয়ে নষ্ট হয়। তিনি আরও বলেন, বৃহস্পতিবার বিলের সীমানা নির্ধারণ করে লাল নিশান স্থাপন করা হয়েছে। বিলটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *